সুন্দরবনের নিরাপত্তা জোরদার ও দস্যু দমনে বাংলাদেশ কোস্ট গার্ড আরও একটি সাফল্য অর্জন করেছে। ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তিন সক্রিয় সদস্য অস্ত্র, গোলাবারুদ ও এক জিম্মি জেলেকে নিয়ে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বুধবার (৮ জুলাই) বিকেলে বাগেরহাটে তারা আত্মসমর্পণ করেন। এ সময় দুটি দেশীয় একনলা বন্দুক, একটি পাইপগান, ৪০ রাউন্ড তাজা কার্তুজ ও একটি ওয়াকিটকি জমা দেন এবং জিম্মি এক জেলেকে মুক্ত করে দেন।
আত্মসমর্পণকারীরা হলেন মোংলার আলামিন হোসেন, সাতক্ষীরার তালা উপজেলার তৈবুর রহমান এবং খুলনার কয়রার মনিরুজ্জামান মামুন।
কোস্ট গার্ড জানায়, ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় চলমান অভিযানে এখন পর্যন্ত ৪২ জন বনদস্যুকে আটক, ৪১ জন জিম্মিকে উদ্ধার এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
