শাহরুখ-সুহানার ‘কিং’-এর শুটিং এখনো শেষ হয়নি, মুক্তি ডিসেম্বরে

শাহরুখ-সুহানার ‘কিং’-এর শুটিং এখনো শেষ হয়নি, মুক্তি ডিসেম্বরে

বিনোদন

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। তবে অনেকের প্রশ্ন—ছবিটির শুটিং শেষ হয়েছে কি না? নির্মাতা সূত্র বলছে, এখনও শুটিং শেষ হয়নি, বরং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে পুরোদমে।

জানা গেছে, প্রায় ১৫০ দিনের শুটিং সূচি নিয়ে নির্মিত হচ্ছে ‘কিং’। বিভিন্ন লোকেশনে চলমান শুটিং আগামী আগস্ট মাসে শেষ হওয়ার কথা রয়েছে। এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।

এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হলো, প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে অভিনয় করছেন শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খান। ফলে ছবিটি নিয়ে দর্শক-ভক্তদের প্রত্যাশাও অনেক বেশি।

পরিচালক সিদ্ধার্থ আনন্দ নির্মিত ‘কিং’-এর প্রযোজনা ব্যয় প্রায় ৪৫০ কোটি টাকা। তবে এই বাজেটের মধ্যে প্রচার-প্রচারণার ব্যয় এবং শাহরুখ খানের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নয়।

নির্মাতাদের দাবি, সিনেমাটিতে থাকবে আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য এবং অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্টস (VFX)। ভিএফএক্সের কাজ করছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

এটি সুহানা খানের প্রথম বড় পর্দার সিনেমা হওয়ায় নির্মাণে বিশেষ গুরুত্ব দিচ্ছেন শাহরুখ। শুরুতে সীমিত পরিসরে পরিকল্পনা করা হলেও পরে ছবিটি আরও বড় আকারে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘কিং’ শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম ব্যয়বহুল সিনেমা। এর আগে ‘জাওয়ান’-এর বাজেট ছিল প্রায় ৪০০ কোটি টাকা এবং ‘পাঠান’ নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ৩৫০ কোটি টাকা।

শাহরুখ ও সুহানার পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং খরাজ মুখার্জি। সংগীত পরিচালনা করছেন সচিন-জিগর।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল আলোচিত এই সিনেমা।