আগামী ২৪ ঘণ্টায় ৫ বিভাগে ভারি বৃষ্টিপাতের সতর্কতা

আগামী ২৪ ঘণ্টায় ৫ বিভাগে ভারি বৃষ্টিপাতের সতর্কতা

জাতীয়

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পূর্বে জারি করা সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় প্রকাশিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।