সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজ উদ্দিন সীমান্ত অতিক্রম করে ভারতের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় গেলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হওয়ার পর তার সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে বাংলাদেশে নিয়ে আসেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
তবে তিনি কী উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, মিনহাজ সীমান্ত দিয়ে ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য এনে দেশে বিক্রি করতেন। তবে ঘটনার সঙ্গে এ তথ্যের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী।
পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিন বলেন, ঘটনাটি জানার পর তারা নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং বিষয়টি পুলিশ ও বিজিবিকে অবহিত করেছেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী নিহত যুবক ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার প্রবেশ করেছিলেন। সেখানে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে।
