সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। রোববার (১২ জুলাই) আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, রোববার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।
এদিকে, রাজধানী ঢাকায় মধ্যরাত থেকেই টানা ভারী বৃষ্টি হচ্ছে। অবিরাম বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে যাওয়ায় কর্মদিবসের সকালে অফিসগামী মানুষ ও যানবাহন চলাচলে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ ৯৭ মিলিমিটার।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা, নগরাঞ্চলে সাময়িক পানি জমে যাওয়া এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
