২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের পরিকল্পনা? সম্ভাবনা যাচাই করবে ফিফা

২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের পরিকল্পনা? সম্ভাবনা যাচাই করবে ফিফা

খেলাধুলা

বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা বিবেচনা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৬ আসরে প্রথমবারের মতো ৪৮ দল খেললেও, ২০৩০ বিশ্বকাপের আগেই দল সংখ্যা ৬৪-তে উন্নীত করার সম্ভাবনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সম্প্রতি সুইস সংবাদমাধ্যম ব্লুউইন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, চলমান বিশ্বকাপ শেষ হওয়ার পর ফিফার সংশ্লিষ্ট কমিটিগুলো এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও মূল্যায়ন করবে।

তিনি বলেন, “এটি অবশ্যই এমন একটি বিষয়, যা এই বিশ্বকাপের পর সংশ্লিষ্ট কমিটিতে পরীক্ষা-নিরীক্ষা ও আলোচনা করা হবে। বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে শুধু ইউরোপ ও দক্ষিণ আমেরিকার জন্য নয়, পুরো বিশ্বের কথা ভাবতে হবে।”

বিশ্বকাপে আরও বেশি দেশের অংশগ্রহণ নিশ্চিত করার পক্ষে মত দিয়ে ইনফান্তিনো বলেন, প্রতিটি দেশেরই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখার সুযোগ থাকা উচিত। তার মতে, ছোট দেশগুলোকে বড় মঞ্চে খেলার সুযোগ দেওয়া হলে বিশ্ব ফুটবলের সামগ্রিক মান আরও উন্নত হবে।

ফিফা সভাপতি আরও বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলের দলগুলোর পারফরম্যান্স ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে। যদি এসব দেশকে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ না দেওয়া হয়, তবে তাদের উন্নতির অনুপ্রেরণাও কমে যেতে পারে।

১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বকাপে অংশ নেয় ৩২টি দল। এরপর ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে ৪৮ করা হয়েছে। ১০৪ ম্যাচের এই আসর শেষ পর্যায়ে রয়েছে।

৪৮ দলের বিশ্বকাপকে “বিশাল সাফল্য” হিসেবে উল্লেখ করে ইনফান্তিনো বলেন, এবারের আসরে সব মহাদেশের দলই গোল করেছে এবং অন্তত একটি পয়েন্ট অর্জন করেছে। এছাড়া আফ্রিকার ১০টি দলের মধ্যে ৯টি নকআউট পর্বে জায়গা করে নিয়েছে, যা অংশগ্রহণের সুযোগ বাড়ানোর ইতিবাচক প্রভাবের উদাহরণ।

উল্লেখ্য, ২০৩০ সালের বিশ্বকাপ হবে ইতিহাসের প্রথম বহু-মহাদেশীয় আয়োজন। উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। এরপর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন।

৬৪ দলের বিশ্বকাপের প্রস্তাব অনুমোদিত হলে দক্ষিণ আমেরিকার তিন স্বাগতিক দেশ একটি করে পূর্ণাঙ্গ চার দলের গ্রুপ আয়োজনের সুযোগ পেতে পারে, যেখানে বর্তমান পরিকল্পনায় তাদের প্রত্যেকের জন্য একটি করে ম্যাচ আয়োজনের কথা রয়েছে।