হরমুজ প্রণালিতে ২০% ফি আরোপে ট্রাম্পকে ‘জলদস্যু’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

হরমুজ প্রণালিতে ২০% ফি আরোপে ট্রাম্পকে ‘জলদস্যু’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ নিরাপত্তা ফি আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি এই উদ্যোগকে ‘জলদস্যুতার’ সঙ্গে তুলনা করেছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ জুলাই) সাও পাওলোতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লুলা বলেন, “একসময় এ ধরনের কর্মকাণ্ডকে জলদস্যুতা বলা হতো।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী দেশ দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ এখন তারাই এমন একটি পদক্ষেপ নিতে চাইছে, যা জলদস্যুতার শামিল।”

এর আগে একই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা সব ধরনের পণ্যের ওপর ২০ শতাংশ নিরাপত্তা ফি আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তার দাবি, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন সামরিক বাহিনী যে ব্যয় বহন করছে, তার একটি অংশ এই ফি থেকে আদায় করা হবে।

ট্রাম্পের এই প্রস্তাব আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের আশঙ্কা, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বৈশ্বিক জ্বালানি পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা এবং বৈশ্বিক বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।