যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন অগ্রগতি, ‘চুক্তি আসন্ন’ দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন অগ্রগতি, ‘চুক্তি আসন্ন’ দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি নতুন চুক্তি চূড়ান্ত হওয়ার পথে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সোমবার থেকেই দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।

তিনি বলেন, হরমুজ প্রণালী ইস্যুতে একটি সমঝোতা হয়েছে এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও ইতিবাচক অগ্রগতি হবে বলে তিনি আশাবাদী।

ট্রাম্প আরও দাবি করেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান বাতিল করা হয়েছে। তার ভাষ্য, মধ্যস্থতাকারী দেশগুলো তাকে সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিল।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মধ্যস্থতাকারীরা তেহরানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ট্রাম্পের দাবি কিংবা সম্ভাব্য সমঝোতা নিয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।