আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন

আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন

খেলাধুলা

রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবিতে একটি অনলাইন আবেদন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই আবেদনে ইতোমধ্যে ৭৮ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

আজ (১৫ জুলাই) রাত ১টায় ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামার আগে এ আবেদন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হলেও ফিফার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা পদক্ষেপ নেওয়া হয়নি।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠার পথে পাঁচটি দলকে হারিয়েছে। ৩৯ বছর বয়সী অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছে আলবিসেলেস্তেরা।

তবে নকআউট পর্বে মিসর ও সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সমর্থকদের একাংশের অভিযোগ, গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তে রেফারিরা আর্জেন্টিনার পক্ষে সুবিধা দিয়েছেন।

এছাড়া গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির একটি কঠিন ফাউলের পরও তাকে কার্ড না দেখানো নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ArgentinaOut.com নামের একটি প্ল্যাটফর্ম থেকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে এই প্রচারণা চালানো হচ্ছে।

প্রচারাভিযানের বিবৃতিতে দাবি করা হয়েছে, ফিফা ও ম্যাচ পরিচালনাকারী রেফারিরা লিওনেল মেসি ও আর্জেন্টিনার প্রতি পক্ষপাতদুষ্ট। তাই প্রতিযোগিতার নিরপেক্ষতা নিশ্চিত করতে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে ফিফা কোনো মন্তব্য করেনি এবং আর্জেন্টিনার বিপক্ষেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়নি। অভিযোগগুলো মূলত আবেদনকারীদের দাবি; স্বাধীনভাবে সেগুলোর সত্যতা নিশ্চিত হয়নি।

উল্লেখ্য, ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জ ইস্যুকে ঘিরে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের রাজনৈতিক বৈরিতা দীর্ঘদিনের। সেই ইতিহাসের প্রভাব দুই দেশের ফুটবল লড়াইকেও বাড়তি উত্তেজনা এনে দেয়। ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোলের পর এই প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়ে ওঠে।