জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট ৫৯টি মামলার তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। মামলাগুলোর প্রকৃত ঘটনা উদঘাটনে প্রায় ৪০ জিবি তথ্য-উপাত্ত, ফরেনসিক আলামত ও সংশ্লিষ্টদের ভূমিকা বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ডিবির অধীনে তদন্তাধীন ৫৯টি মামলার প্রতিটিতেই বিপুল সংখ্যক আসামি রয়েছেন। তাদের অবস্থান শনাক্ত, প্রত্যেকের ভূমিকা যাচাই এবং ফরেনসিক তথ্য-প্রমাণ বিশ্লেষণের কাজ চলমান রয়েছে।
মো. শফিকুল ইসলাম বলেন, “প্রায় ৪০ জিবি ডাটা পর্যালোচনা করতে হচ্ছে। আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মামলাগুলোর তদন্ত করছি।”
তিনি আরও জানান, আইনের আওতায় থেকে নিরপেক্ষ তদন্ত শেষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হবে এবং আদালতে তদন্ত প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের চেষ্টা করা হবে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জুলাই আন্দোলন ঘিরে একই ঘটনায় একাধিক মামলা দায়ের এবং কথিত মামলা বাণিজ্যের অভিযোগের বিষয়েও মন্তব্য করেন অতিরিক্ত কমিশনার। তিনি বলেন, এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
