আর মাত্র দুটি ম্যাচ। এরপরই পর্দা নামবে ২০২৬ ফিফা বিশ্বকাপের। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষে আগামী রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউজার্সি অঞ্চলের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল।
এবারই প্রথম ৪৮ দলের অংশগ্রহণে বিশ্বকাপ আয়োজন করছে ফিফা। একই সঙ্গে একাধিক দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় এই আসর।
৪৮ দলের লড়াই শেষে শিরোপার দৌড়ে টিকে আছে মাত্র দুটি দল। এর আগে শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ৩টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে সেমিফাইনালে বিদায় নেওয়া ফ্রান্স ও ইংল্যান্ড।
অন্যদিকে, রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। সেমিফাইনালে স্পেন ২-০ গোলে ফ্রান্সকে এবং আর্জেন্টিনা ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।
৮২ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মেটলাইফ স্টেডিয়াম ২০১০ সালে উদ্বোধন করা হয়। এর আগে ২০১৬ সালের কোপা আমেরিকা সেন্টেনারিও-এর ফাইনালও এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে টাইব্রেকারে চিলির কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।
