সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ শনিবার (১৮ জুলাই) থেকে সারা দেশে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।
প্রাথমিকভাবে দেশের প্রতিটি উপজেলা থেকে একটি করে ব্লক নির্বাচন করে তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তীতে পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে সব ব্লকে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কৃষক কার্ড কারিগরি ওয়ার্কিং কমিটির’ দ্বিতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব উপজেলায় একযোগে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ করা হবে।
এ কার্যক্রম সফল করতে ১৪ থেকে ১৮ জুলাই পর্যন্ত মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ‘তথ্য সংগ্রহ অ্যাপ’ ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে আজ থেকেই মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সংশ্লিষ্ট সব পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপপরিচালক এবং উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, কৃষকদের একটি নির্ভুল ও সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি হলে সরকারের কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন সহজ হবে। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করে কৃষি প্রণোদনা, ভর্তুকি, ঋণ সুবিধা এবং অন্যান্য সরকারি সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
