ইইউর ১৫ দেশে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি

ইইউর ১৫ দেশে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি

জাতীয়

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে ইইউর ২৭ সদস্য দেশের মধ্যে ১৫টিতেই বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে। এসব দেশের বেশিরভাগই বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বিজিএমইএ ও বিকেএমইএর তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত অর্থবছরে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৩ দশমিক ৩১ শতাংশ কমে ১ হাজার ৯০৬ কোটি ডলারে নেমে এসেছে। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ১ হাজার ৯৭১ কোটি ডলার।

ইইউতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার জার্মানিতে রপ্তানি ১১ দশমিক ৫ শতাংশ কমে ৪৯৫ কোটি ডলার থেকে ৪৩৮ কোটি ডলারে নেমেছে। এছাড়া ফ্রান্সে প্রায় ৯ শতাংশ, ইতালিতে প্রায় ৮ শতাংশ, ডেনমার্কে ১০ শতাংশ এবং রোমানিয়ায় প্রায় ২০ শতাংশ রপ্তানি কমেছে। বেলজিয়াম, আয়ারল্যান্ড, চেক রিপাবলিক, পর্তুগাল, স্লোভাকিয়া, গ্রিস, ক্রোয়েশিয়া, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ ও মাল্টাতেও রপ্তানি হ্রাস পেয়েছে।

তবে স্পেনে রপ্তানি ৬ শতাংশ বেড়ে ৩৪০ কোটি ডলার থেকে ৩৬০ কোটি ডলারে পৌঁছেছে। এছাড়া নেদারল্যান্ডস, সুইডেন, পোল্যান্ড, স্লোভেনিয়া, লিথুয়ানিয়া, লাতভিয়া, হাঙ্গেরি, সাইপ্রাস ও বুলগেরিয়াতেও রপ্তানি বৃদ্ধি পেয়েছে।

বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, গ্যাস-বিদ্যুতের সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ এবং শ্রমিক অসন্তোষের কারণে বিশেষ করে নিট পোশাক খাত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা বেড়েছে এবং চীন ও ভারতের মতো দেশগুলোও ইইউ বাজারে আরও বেশি সক্রিয় হয়েছে।

এর ফলে বাংলাদেশের মোট পোশাক রপ্তানিতে ইইউর অংশও কমে ৪৯ দশমিক ২৫ শতাংশে নেমে এসেছে, যা আগের অর্থবছরে ছিল ৫০ দশমিক ১০ শতাংশ।