২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে প্রস্তুতির সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার অভিযোগ, দীর্ঘ ভ্রমণের পর পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না দিয়েই দলকে অনুশীলনে নামতে হয়েছে।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, “আমরা ফাইনালের আগে খুব কম বিশ্রাম পেয়েছি। গতকাল রাত ১১টার দিকে নিউ জার্সিতে পৌঁছেছি। অথচ আজ এমন সময়ে অনুশীলন করতে হয়েছে, যা আমরা চাইনি। সংবাদ সম্মেলন ও অন্যান্য আনুষ্ঠানিকতার কারণে কৌশলগত প্রস্তুতির জন্যও পর্যাপ্ত সময় পাইনি।”
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানায়, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর বৃহস্পতিবার রাতে আটলান্টা থেকে নিউ জার্সিতে পৌঁছায় আর্জেন্টিনা দল। দীর্ঘ সফরের কারণে খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রাম না পেলেও শুক্রবার বিকেলেই অনুশীলনে অংশ নিতে হয় তাদের।
স্কালোনি জানান, ফাইনালের আগে তার প্রধান লক্ষ্য খেলোয়াড়দের বিশ্রাম নিশ্চিত করা। তিনি বলেন, “কয়েকজন ফুটবলার এখনও শতভাগ ফিট নয়। তাদের শারীরিক অবস্থা মূল্যায়ন করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
প্রতিপক্ষ স্পেনকে নিয়েও সতর্ক আর্জেন্টিনা কোচ। তার ভাষায়, “আমরা নিজেদের খেলায় মনোযোগ দেব, তবে স্পেনের শক্তির দিকগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।”
আগামী রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচটি জিততে পারলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে মেসি-স্কালোনির আর্জেন্টিনা।
