শিশুকালে লামিন ইয়ামালকে কোলে নিয়ে গোসল করানোর সেই আলোচিত ছবি এবার নতুন মাত্রা পেয়েছে। ১৯ বছর পর ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছেন সেই ছবির দুই চরিত্র—লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। তবে মাঠে আবেগ নয়, জয়ের লক্ষ্যেই খেলবেন বলে জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিশ্বকাপে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে মেসি বলেন, ইয়ামাল একজন অসাধারণ ফুটবলার এবং তার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। তবে বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না।
২০০৭ সালের সেই ভাইরাল ছবি প্রসঙ্গে মেসি বলেন, “লামিনকে আমি কাছ থেকে অনুসরণ করেছি। সে বার্সেলোনায় খেলে, যে ক্লাবটিকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। আমি সবসময় ওর মঙ্গল কামনা করি। মাত্র ১৯ বছর বয়সেই সে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্রতিভায় পরিণত হয়েছে। কিন্তু এবার আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যেন তার সেই স্বপ্ন পূরণ না হয়।”
মেসি আরও বলেন, ফুটবলে সফল হতে হলে চাপ নয়, খেলাটাকে উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে নিতে শিখেছেন বলেও উল্লেখ করেন তিনি।
আর্জেন্টাইন অধিনায়ক বলেন, “আমরা একটি লড়াকু দল। জিততে ভালোবাসি, কিন্তু ফুটবল দলীয় খেলা। সবসময় জেতা সম্ভব নয়। বরং হার থেকেই সবচেয়ে বেশি শিক্ষা পাওয়া যায়।”
আগামী রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচটিতে বিশ্ব ফুটবলের দুই প্রজন্মের দুই তারকা—মেসি ও ইয়ামালের লড়াইয়ে চোখ থাকবে কোটি ভক্তের।
