নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইচ্ছা নিউইয়র্ক মেয়রের

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইচ্ছা নিউইয়র্ক মেয়রের

আন্তর্জাতিক

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করতে চান তিনি।

শনিবার (১৯ জুলাই) দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ এনেছে। তাই তার জায়গা হেগে হওয়া উচিত বলেই তিনি মনে করেন।

আগামী ৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে। এতে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি নেতানিয়াহুরও উপস্থিত থাকার কথা রয়েছে।

মামদানি বলেন, গত কয়েক বছরে নেতানিয়াহুর কর্মকাণ্ডের কারণে বিশ্বের অনেক মানুষ তাকে যুদ্ধাপরাধী হিসেবে বিবেচনা করেন। তবে বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা তার রয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। এজন্য তিনি নিউইয়র্ক সিটির আইনি উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করছেন।

তিনি আরও বলেন, “নিউইয়র্ক সিটির আইন আমাকে যা করার অনুমতি দেবে, আমরা সেটাই করব।”

মামদানির এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, মেয়র হিসেবে দায়িত্ব পালনের পরিবর্তে মামদানি ইসরায়েলবিরোধী অবস্থান নিয়ে বিতর্ক তৈরি করছেন।

ড্যানন বলেন, নেতানিয়াহু নির্ধারিত সময়েই জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নেবেন এবং ইসরায়েলের নিরাপত্তা ও আত্মরক্ষার অধিকারের পক্ষে বক্তব্য রাখবেন। তিনি পাল্টা মন্তব্য করে বলেন, “যদি কাউকে গ্রেপ্তার করতেই হয়, তবে তিনি হলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।”

এর আগে মেয়র নির্বাচনী প্রচারণার সময়ও নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মামদানি। সম্প্রতি নেতানিয়াহুও এক রেডিও সাক্ষাৎকারে মামদানির বিরুদ্ধে হামাসকে সমর্থনের অভিযোগ তুলেছিলেন।