দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত দুই কিশোরীর পরিচয় প্রকাশ করেছে ইরান। ভারতে অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে তাদের নাম ও ছবি প্রকাশ করেছে।
রোববার (১৯ জুলাই) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, দক্ষিণ ইরানের বন্দর খামির এলাকার একটি সেতুতে মার্কিন বিমান হামলায় নিহত সাতজন বেসামরিক নাগরিকের মধ্যে ছিলেন দুই ইরানি কিশোরী—সোগান্দ দারমান্দ ও ফাতেমেহ জাহরা আকবারি।
ইরানি কর্তৃপক্ষের দাবি, বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের চালানো হামলার সময় ওই সেতুতে আঘাত হানে যুদ্ধবিমান।
এদিকে, ইরানের কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন।
