ধর্ষণ থেকে বাঁচতে হারিয়ে গেলেন বনে, উদ্ধার ড্রোনে

ধর্ষণ থেকে বাঁচতে হারিয়ে গেলেন বনে, উদ্ধার ড্রোনে

আন্তর্জাতিক

ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে ধর্ষণচেষ্টা থেকে বাঁচতে সংরক্ষিত বনে পালিয়ে যাওয়া এক নারীকে ড্রোন, ফ্লেয়ার গান ও রকেট বাজির সহায়তায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ জানায়, ওই নারী খুরদা বাসস্ট্যান্ড থেকে একটি মোটরসাইকেলে লিফট নিয়েছিলেন। অভিযোগ অনুযায়ী, মোটরসাইকেল চালক তাকে যৌন নির্যাতনের উদ্দেশ্যে রতনপুর সংরক্ষিত বনের ভেতরে নিয়ে যায়।

এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযুক্ত ব্যক্তি ধর্ষণের চেষ্টা করলে ওই নারী সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করেন। পরে তিনি সেখান থেকে পালিয়ে বনের ভেতরে আশ্রয় নেন। তবে পালানোর সময় পথ হারিয়ে ফেলেন। বনের ভেতর থেকেই মোবাইল ফোনে পুলিশের সঙ্গে যোগাযোগ করে সাহায্য চান ওই নারী। খবর পেয়ে একজন সহকারী পুলিশ কমিশনার (এসিপি)-এর নেতৃত্বে ইনফোভ্যালি, জটানি ও খন্দগিরি থানার প্রায় ৫০ জন সদস্য উদ্ধার অভিযানে অংশ নেন।

তবে ভুক্তভোগীর মোবাইলে জিপিএস লোকেশন চালু না থাকায় প্রথমদিকে তাকে খুঁজে পাওয়া সম্ভব হচ্ছিল না। পরে পুলিশ ড্রোন, ফ্লেয়ার গান এবং রকেট বাজি ব্যবহার করে নিজেদের অবস্থান চিহ্নিত করে। সেই সংকেত অনুসরণ করে ওই নারী পুলিশের কাছে পৌঁছাতে সক্ষম হন এবং নিরাপদে উদ্ধার হন।

পুলিশ জানায়, শুরুতে ওই নারী মামলা করতে অনিচ্ছুক ছিলেন। পরে তাকে বোঝানোর পর তিনি অভিযোগ দায়ের করতে সম্মত হন। এ ঘটনায় ইনফোভ্যালি থানায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।