বাংলাদেশের সাধারণ পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ। একই সঙ্গে নতুন ই-পাসপোর্টে জুলাই গণ-অভ্যুত্থানের তিন শহীদ—আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি সংযোজন করা হচ্ছে। এ-সংক্রান্ত সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ছয় বছর আগে বাংলাদেশি পাসপোর্ট থেকে ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত’ বাক্যটি বাদ দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি এবং ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এটি পুনর্বহাল করা হচ্ছে। নতুন ই-পাসপোর্টের নকশায় জলছাপ হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের তিন শহীদের ছবি স্থান পাবে। এছাড়া জাতীয় প্রতীক, ঐতিহাসিক স্থাপনা এবং বিভিন্ন ধর্মীয় স্থাপনার নতুন বিন্যাসও যুক্ত করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মাদ মাহবুবুর রহমান এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, গণ-অভ্যুত্থান ও গণতন্ত্রের প্রতীকগুলো পাসপোর্টে স্থান পাওয়াকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।
তবে বর্তমানে যাদের পাসপোর্ট রয়েছে, তাদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন হবে না। মেয়াদ শেষ হলে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট দেওয়া হবে।
