শিশু সুরক্ষা আইন লঙ্ঘনে টিকটকের বিরুদ্ধে ইইউর অভিযোগ

শিশু সুরক্ষা আইন লঙ্ঘনে টিকটকের বিরুদ্ধে ইইউর অভিযোগ

আন্তর্জাতিক

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে অনলাইন নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অভিযোগে বলা হয়েছে, প্ল্যাটফর্মটির কিছু নকশাগত বৈশিষ্ট্য শিশুদের সাইবার বুলিং ও অনলাইন যৌন শিকারিদের ঝুঁকিতে ফেলতে পারে।

শুক্রবার ইউরোপীয় কমিশন জানায়, ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ)-এর আওতায় টিকটকের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়; প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়েছে।

ইইউর দাবি, টিকটকের অ্যাকাউন্ট ব্যবস্থাপনা শিশুদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। অনেক ক্ষেত্রে শিশুদের অ্যাকাউন্ট সবার জন্য উন্মুক্ত থাকায় অপরিচিত ব্যক্তিরা সহজেই তাদের খুঁজে পেতে ও কনটেন্ট দেখতে পারে। এমনকি ব্যক্তিগত অ্যাকাউন্ট হলেও অনুসারী ও অনুসরণ তালিকার মাধ্যমে তাদের শনাক্ত করা সম্ভব বলে উদ্বেগ প্রকাশ করেছে কমিশন।

এদিকে টিকটক জানিয়েছে, তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করবে এবং ইউরোপীয় কমিশনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে। প্রতিষ্ঠানটির দাবি, কিশোরদের অ্যাকাউন্টে শুরু থেকেই ৫০টির বেশি গোপনীয়তা ও নিরাপত্তা সুবিধা চালু থাকে এবং ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট ডিফল্টভাবে ব্যক্তিগত রাখা হয়।

তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট অনুযায়ী টিকটককে তাদের বৈশ্বিক বার্ষিক আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে।

ইইউর প্রযুক্তি বিষয়ক প্রধান হেনা ভিরক্কুনেন বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা প্রযুক্তি প্রতিষ্ঠানের মৌলিক দায়িত্ব। সেবার নকশাতেই নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে হবে, পরে আলাদাভাবে যোগ করার বিষয় নয়।