প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জাতীয়

দেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নতুন প্রজন্মের কাছে মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তা পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর নভোথিয়েটারে বায়োটেকনোলজি, ইলেকট্রনিকস, এআই অ্যান্ড রোবোটিক্স (বিইএআর) সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্য অর্জনের আশা করছে সরকার। এ খাতকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এর উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স ও স্বয়ংক্রিয় প্রযুক্তির সমন্বয়ে বিশ্ব এখন নতুন শিল্প বিপ্লবের পথে এগোচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকেও প্রস্তুত হতে হবে।

তারেক রহমান জানান, বিশ্বের বিভিন্ন দেশে তিন হাজারের বেশি বাংলাদেশি সেমিকন্ডাক্টর পেশাজীবী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয়ে দক্ষতার সঙ্গে কাজ করছেন।

তিনি আরও বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। পাশাপাশি চলতি বাজেটে এ শিল্পের কাঁচামালের ওপর সব ধরনের শুল্ক প্রত্যাহার করা হয়েছে।