জয়পুরহাটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেনের বিরুদ্ধে যৌতুক দাবি, নির্যাতন, একাধিক নারীর সঙ্গে সম্পর্ক এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন তার স্ত্রী শামিয়া খান এশা।
রোববার (২৬ জুলাই) রাজধানীর ক্র্যাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এশা দাবি করেন, ২০১৯ সালে বিয়ের পর প্রথমদিকে সংসার ভালো থাকলেও পরে স্বামীর আচরণ বদলে যায়। তিনি অভিযোগ করেন, আরিফ হোসেন নিয়মিত মদ্যপান, মাদক সেবন ও একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এসবের প্রতিবাদ করায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়।
এশার অভিযোগ, বিয়ের সময় বিপুল পরিমাণ উপহার ও স্বর্ণালংকার দেওয়ার পরও তার পরিবারের কাছে প্রথমে ৪০ লাখ টাকা এবং পরে আরও ৫০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। তিনি আরও দাবি করেন, চলতি বছরের জানুয়ারিতে তাকে ও তাদের শিশুকন্যাকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়া হয়।
তিনি জানান, এ ঘটনায় আইজিপি, ডিআইজি ও জয়পুরহাটের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। এছাড়া যৌতুক নিরোধ আইনে আদালতে মামলাও করেছেন, যেখানে নির্যাতনের ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্য-প্রমাণ জমা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে শামিয়া অভিযোগ করেন, আদালতের সমনের পর তার স্বামী প্রভাব খাটিয়ে তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করিয়েছেন এবং সাক্ষীদেরও ভয়ভীতি দেখানো হচ্ছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তার প্রতিক্রিয়া জানা গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।
