পশ্চিম তীরে দুই দিনে ১২০ ফিলিস্তিনি আটক, ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ

পশ্চিম তীরে দুই দিনে ১২০ ফিলিস্তিনি আটক, ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিম তীরে গত দুই দিনে ১২০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী বলে দাবি করেছে ফিলিস্তিনি বন্দিদের অধিকারবিষয়ক সংগঠন সামিদুন।

সংগঠনটির অভিযোগ, এক ফিলিস্তিনি পরিবারের জমিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনায় চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ব্যাপক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ওই অভিযানের অংশ হিসেবেই এসব গ্রেপ্তার করা হয়েছে।

সামিদুন জানায়, নাবলুস, তুলকারেম ও হেবরন এলাকায় সবচেয়ে বেশি অভিযান চালানো হয়। অভিযানের সময় বিভিন্ন বাড়িতে তল্লাশি, সম্পত্তি ভাঙচুর এবং আটক ব্যক্তিদের মারধরের অভিযোগও করা হয়েছে।

সংগঠনটির দাবি, কয়েকটি অভিযানে ইসরায়েলি সেনাদের পাশাপাশি তাদের নিরাপত্তায় সশস্ত্র বসতি স্থাপনকারীরাও অংশ নেন।

সামিদুনের ভাষ্য, এসব অভিযান ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘সমষ্টিগত শাস্তি’ ও ‘প্রতিশোধমূলক নীতি’ বাস্তবায়নের অংশ।

পরিস্থিতি মোকাবিলায় অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে জাতিসংঘ, আন্তর্জাতিক রেড ক্রস এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপও কামনা করেছে তারা।