৪ দিনেই বিশ্বব্যাপী ২০০ কোটির গণ্ডি পেরোল থালাপতির শেষ সিনেমা ‘জন নায়গন’

৪ দিনেই বিশ্বব্যাপী ২০০ কোটির গণ্ডি পেরোল থালাপতির শেষ সিনেমা ‘জন নায়গন’

বিনোদন

অভিনেতা হিসেবে থালাপতি বিজয়ের বিদায়ী সিনেমা ‘জনা নায়গন’ মুক্তির পর শুরুতে প্রত্যাশা পূরণ করতে না পারলেও সপ্তাহান্তে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। চার দিনের বর্ধিত উদ্বোধনী সপ্তাহান্ত শেষে সিনেমাটি বিশ্বব্যাপী ২১৭ কোটি রুপি আয় করে ২০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) মুক্তির দিনে তামিলনাড়ুর বেশিরভাগ প্রেক্ষাগৃহে সিনেমাটির শো ছিল হাউসফুল। তবে রাজ্যের বাইরে ব্যবসা তুলনামূলক কম হওয়ায় প্রথম দিনে বিশ্বব্যাপী আয় দাঁড়ায় ৭৮ কোটি রুপি। ফলে মুক্তির দিনই ১০০ কোটি রুপি আয়ের যে পূর্বাভাস ছিল, তা পূরণ হয়নি।

তবে সপ্তাহান্তে দর্শক উপস্থিতি বাড়তে থাকে। শনিবার ভারতে সিনেমাটির নেট আয় হয় ২৮.৯০ কোটি রুপি, আর রোববার আয় করে ৩২ কোটি রুপি। চার দিনে ভারতের মোট নেট আয় দাঁড়িয়েছে ১২৪ কোটি রুপি, আর গ্রস আয় ১৪৬ কোটি রুপি।

বিদেশের বাজারেও ভালো সাড়া পেয়েছে ‘জনা নায়গন’। যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার শো থেকেই সিনেমাটি ২০ লাখ মার্কিন ডলারের বেশি আয় করে। অন্যান্য আন্তর্জাতিক বাজার মিলিয়ে প্রথম দিনে আরও ১০ লাখ মার্কিন ডলারের বেশি আয় হয়।

রোববার পর্যন্ত বিদেশে সিনেমাটির মোট আয় ৭৫ লাখ মার্কিন ডলারের বেশি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় পৌঁছেছে ২১৭ কোটি রুপিতে। এর মাধ্যমে চলতি বছরে সূরিয়ার ‘করুপ্পু’-র পর ২০০ কোটির ক্লাবে জায়গা পাওয়া দ্বিতীয় তামিল সিনেমা হলো এটি।

এইচ. ভিনোথ পরিচালিত ‘জনা নায়গন’ রাজনীতিতে পুরোপুরি যুক্ত হওয়ার আগে থালাপতি বিজয়ের শেষ চলচ্চিত্র। সিনেমাটিতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ ও নারাইন।