সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; এটি সমগ্র জাতির সম্মিলিত অর্জন। তিনি বলেন, সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ এবং এ বিষয়ে কোনো ধরনের অপরাজনীতির সুযোগ নেই।
বুধবার (২৯ জুলাই) সকালে রাজধানীর ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে এবং সেই সনদে স্বাক্ষর করেছে। জনগণ ভোটের মাধ্যমে যে দায়িত্ব দিয়েছে, তার আলোকে সংসদে এই অঙ্গীকার বাস্তবায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতিকে আত্মসমালোচনা ও আত্মসংশোধনের শিক্ষা দিয়েছে। পাশাপাশি একটি ফ্যাসিবাদী সরকারের পতন কীভাবে নিশ্চিত করা যায়, সেই বার্তাও দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী দিনের নেতৃত্ব তৈরির সূতিকাগার উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের আন্দোলন সেই বাস্তবতাও সামনে এনেছে।
বিএনপির রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, জাতীয়তাবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দলটি জনগণকে ঐক্যবদ্ধ করেছে এবং জুলাই আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে।
তিনি দাবি করেন, দেশের প্রতিটি সংকটময় সময়ে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। তাই জনগণ যখনই অবাধ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপিকে সমর্থন করেছে।
ঢাকা কলেজের ঐতিহ্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন। এ প্রতিষ্ঠান ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্যসচিব মিল্লাদ হোসেন এবং ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা।
