বলিউড ছাড়তে চেয়েছিলেন ইয়ামি গৌতম, চাষাবাদের পরিকল্পনাও ছিল

বলিউড ছাড়তে চেয়েছিলেন ইয়ামি গৌতম, চাষাবাদের পরিকল্পনাও ছিল

বিনোদন

বলিউডে প্রথম সিনেমা সফল হলেও ক্যারিয়ারের শুরুটা সহজ ছিল না অভিনেত্রী ইয়ামি গৌতমের। কাঙ্ক্ষিত কাজ না পেয়ে একসময় অভিনয় ছেড়ে হিমাচল প্রদেশে ফিরে গিয়ে কৃষিকাজ করার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামি জানান, ২০১৯ সালে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ মুক্তির আগে তিনি প্রায় বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন। তবে ‘উরি’ এবং পরে ‘বালা’ সিনেমার সাফল্য তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

২০১২ সালে আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইয়ামির। ছবিটি সফল হলেও এরপর প্রত্যাশামতো কাজ পাননি তিনি। প্রচলিত নায়িকার ধাঁচে না মেলায় সীমিত চরিত্রের প্রস্তাব পেতেন, যা তাকে হতাশ করে তোলে।

সেই সময়ের কথা স্মরণ করে ইয়ামি বলেন, “ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম বাড়ি ফিরে যাব। আমাদের সেখানে চাষের জমি রয়েছে। সম্পূর্ণ অন্যরকম একটি জীবন শুরু করার পরিকল্পনা করেছিলাম। বাবা-মাও আমাকে পুরোপুরি সমর্থন করেছিলেন।”

বলিউডে পারিবারিক পরিচিতি ছাড়া টিকে থাকার সংগ্রামের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তার ভাষায়, তারকাসন্তানরা ব্যর্থতার পরও নতুন সুযোগ পান, কিন্তু বহিরাগতদের জন্য একটি সুযোগই অনেক কঠিন।

তিনি বলেন, “বারবার নিজেকে প্রমাণ করতে হতো। অনেক সময় মনে হতো, আমি প্রস্তুত থাকা সত্ত্বেও সুযোগ অন্য কাউকে দেওয়া হচ্ছে, যে আগে থেকেই এই ইন্ডাস্ট্রির অংশ। তখন ভাবতাম, আমিও যদি এত সুযোগ পেতাম, হয়তো আরও ভালো অভিনেত্রী হতে পারতাম।”

তবে সময়ের সঙ্গে বলিউডে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও মনে করেন ইয়ামি। তার মতে, এখন দর্শক একজন শিল্পীর পারিবারিক পরিচয়ের চেয়ে অভিনয় দক্ষতা ও কাজের মানকেই বেশি গুরুত্ব দেন।

বর্তমানে বলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন ইয়ামি গৌতম। সামনে পরিচালক বালাজি মোহনের নতুন সিনেমা ‘নয়ী নভেলী’-তে দেখা যাবে তাকে।