রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

জাতীয়

রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ২৫ দশমিক ২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

সোমবার (৩ আগস্ট) জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশন এ তথ্য জানায়।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করা এবং বাস্তুচ্যুত মানুষের পাশে থাকা অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের অঙ্গীকারের অংশ হিসেবেই এই নতুন অর্থায়ন করা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে দেশটি।

তিনি জানান, মিয়ানমার ও বাংলাদেশে চলমান সংকট মোকাবিলায় তিন বছর মেয়াদি ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে এই অর্থ দেওয়া হচ্ছে। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত রোহিঙ্গা সংকটে অস্ট্রেলিয়া ১ দশমিক ২৫ বিলিয়ন ডলারের বেশি মানবিক সহায়তা দিয়েছে।

নতুন এই অর্থায়নের মাধ্যমে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আশ্রয়, জীবিকা এবং অন্যান্য জরুরি মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে।