ইউক্রেনে রুশ হামলায় ছয়জন নিহত

ইউক্রেনে রুশ হামলায় ছয়জন নিহত

আন্তর্জাতিক

পূর্ব ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। একই সময়ে ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ৬০৫টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত ও ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খারকিভ অঞ্চলে তিনজন এবং সুমি অঞ্চলে আরও তিনজন নিহত হয়েছেন। এছাড়া সুমি শহরে আকাশ থেকে নিক্ষেপযোগ্য নিয়ন্ত্রিত বোমার হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

এদিকে, ইউক্রেনের ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, কৃষ্ণ সাগরে রাশিয়ার হামলায় গমবাহী একটি বিদেশি পতাকাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন।

ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানায়, গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘মেরা কুইন’ নামের জাহাজটি বুধবার গভীর রাতে রুশ হামলার শিকার হয়।

ইউক্রেনের অভিযোগ, গত এক মাসেরও বেশি সময় ধরে রাশিয়া দেশটির বাণিজ্য ও রপ্তানি কার্যক্রম ব্যাহত করতে কৃষ্ণ সাগর উপকূলের বন্দরগুলোতে প্রায় প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বুধবার রাতে ক্রিমিয়া উপদ্বীপের ওপর দিয়ে উড়ে যাওয়া ৬০৫টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে রুশ বাহিনী।

যুদ্ধের এই নতুন হামলা-পাল্টা হামলার ঘটনায় অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়েছে।