লাদাখে শুটিং শেষ করে দিল্লিতে ফিরেই হাসপাতালে ছুটলেন টালিউড অভিনেতা দেব। বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন—এই খবর পেয়েই শুক্রবার রাতে তাকে দেখতে হাসপাতালে যান দেব।
এর আগে বৃহস্পতিবার ডান হাতে ছোট একটি অস্ত্রোপচার হয়েছে ‘ফাটাকেষ্ট’খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর। পুরোনো চোটের কারণে হাতে বসানো প্লেটটি অপসারণের জন্য এই অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গেছে।
‘দেশু সাত’ সিনেমার একটি গানের শুটিংয়ের জন্য সম্প্রতি লাদাখে গিয়েছিলেন দেব। তার সঙ্গে ছিলেন সিনেমাটির নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। শুক্রবার দুপুরে দিল্লিতে ফেরার পর রাতেই মিঠুনের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে হাজির হন দেব।
মিঠুন চক্রবর্তী ও দেবের সম্পর্ক দীর্ঘদিনের। রাজনৈতিক মতপার্থক্য কিংবা নানা বিতর্ক তাদের ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলতে পারেনি।
হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব বলেন, ‘মিঠুনদা যেই দলে থাকুন না কেন, মিঠুনদা আমার বাবার মতো—ছিল, আছে আর থাকবে। আর আমি তার ছেলের মতো।’
মিঠুনের দ্রুত সুস্থতা কামনা করে দেব আরও বলেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন এবং আবার স্বাভাবিকভাবে কাজ শুরু করতে পারেন। ভবিষ্যতেও তারা একসঙ্গে কাজ করবেন বলেও জানান দেব।
পরে মিঠুনের সঙ্গে হাসপাতালের সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন দেব। সেখানে তিনি মিঠুনকে বাবার মতো উল্লেখ করে তার সুস্বাস্থ্য, সুখ ও মঙ্গল কামনা করেন।
রাজনীতির বাইরে অটুট দেব-মিঠুনের সম্পর্ক দেবের রাজনৈতিক অবস্থান নিয়েও সম্প্রতি নানা আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিতে যোগ দিয়েছেন দেব। তবে এ বিষয়ে অভিনেতা এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
এর আগে সাবেক তৃণমূল সংসদ সদস্যদের একটি অংশ, যারা বর্তমানে এনসিপিতে রয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ ও বৈঠকে অংশ নিলেও সেখানে দেবকে দেখা যায়নি। তৃণমূলের সাবেক নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সে সময় লাদাখে থাকার কারণে বৈঠকে উপস্থিত হতে পারেননি দেব।
তবে রাজনৈতিক সমীকরণের বাইরে দেব ও মিঠুনের সম্পর্ক বরাবরই অটুট থেকেছে। দেব ও মিঠুনের জুটিতে ‘প্রজাপতি’ ও ‘প্রজাপতি ২’ বক্স অফিসে সাড়া ফেলার পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজনীতিতেও ব্যাপক আলোচনা তৈরি করেছিল। মিঠুন বিজেপির সঙ্গে যুক্ত থাকায় সে সময় দেবের বিপক্ষে সরব হয়েছিল তৃণমূলের একটি অংশ। এমনকি ‘প্রজাপতি’ সিনেমাকে নন্দনে জায়গা না দেওয়ার অভিযোগও উঠেছিল।
এ নিয়ে তৎকালীন তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে দেবের মতানৈক্যও প্রকাশ্যে আসে। তবে এসব বিতর্ক কোনোভাবেই দুই অভিনেতার ব্যক্তিগত সম্পর্ককে প্রভাবিত করতে পারেনি।
পুরোনো চোটের কারণে অস্ত্রোপচার প্রায় দুই বছর আগে ডান হাতে চোট পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তখন তার হাতে একটি প্লেট বসানো হয়েছিল। পুরোনো সেই প্লেটটি বের করার জন্য বৃহস্পতিবার রাতে ডান হাতে অস্ত্রোপচার করা হয়।
বর্তমানে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মিঠুন।
শুক্রবার সকালে তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতাল ও পারিবারিক সূত্র জানিয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মিঠুন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত।
লাদাখ থেকে ফিরেই অসুস্থ মিঠুনকে দেখতে হাসপাতালে ছুটে গিয়ে ফের একবার তাদের দীর্ঘদিনের সম্পর্কের গভীরতার প্রমাণ দিলেন দেব।
