বলিউড তারকা সালমান খানের মুম্বাইয়ের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য গণেশ রায়তে মারা গেছেন। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের সামনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গণেশ। সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার আগে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন গণেশ রায়তে। পরে পুলিশে যোগ দিয়ে দায়িত্ব পালন করছিলেন তিনি। কর্তব্যরত অবস্থায় তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে গণেশ রায়তের মৃত্যু নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি সালমান খান।
