চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার ৪ নম্বর আসামি আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।
আশরাফুল হক ডনকে পরে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে।
সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর গত বছরের অক্টোবরে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় অভিনেতার স্ত্রী সামিরা হক, খল অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। এরপর মামলার তদন্ত শুরু হলে ডন ও সামিরার ব্যবহৃত মোবাইল ফোন কয়েক দিন সচল ছিল। পরে তারা পলাতক রয়েছেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
আসামিদের দেশত্যাগ ঠেকানো এবং দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে রমনা থানা পুলিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তথ্য পাঠায়। এর ভিত্তিতে রোববার দেশ ছাড়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে দেশে থাকা মামলার অন্য আসামিদের অবস্থান শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন ট্র্যাকিংসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে পুলিশ।
