বাংলাদেশে ডাটা অবকাঠামো স্থাপনে মেটার উদ্যোগ

বাংলাদেশে ডাটা অবকাঠামো স্থাপনে মেটার উদ্যোগ

বিজ্ঞান ও প্রযুক্তি

বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণের পাশাপাশি স্থানীয়ভাবে ডাটা অবকাঠামো স্থাপনের আশ্বাস দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। একই সঙ্গে দেশে কার্যালয় প্রতিষ্ঠা এবং দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (সিডিএন) ও লোকাল এজ নোড স্থাপনের বিষয়টি কারিগরি ও আইনগতভাবে পর্যালোচনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর সঙ্গে মেটার প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয় উঠে আসে।

বৈঠকে বাংলাদেশে মেটার কার্যক্রম সম্প্রসারণ, ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণ, অনলাইন জুয়া ও প্রতারণা প্রতিরোধ এবং বিটিআরসির সঙ্গে সমন্বয় আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বিটিআরসির পক্ষ থেকে বাংলাদেশে মেটার স্থানীয় অফিস স্থাপন ও স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি ব্যবহারকারীদের দ্রুত সেবা নিশ্চিত করতে দেশে মেটার নিজস্ব সিডিএন বা লোকাল এজ নোড স্থাপনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া মেটা প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন জুয়া, প্রতারণা বা অন্যান্য ক্ষতিকর কর্মকাণ্ডের প্রচার ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ক্ষতিকর কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণের প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেয় বিটিআরসি।

মেটার প্রতিনিধিরা জানান, আগের উপাত্ত সুরক্ষা অধ্যাদেশের কিছু বিধিনিষেধের কারণে বাংলাদেশে ডাটা অবকাঠামো বা সিডিএন স্থাপনে আইনি সীমাবদ্ধতা ছিল। তবে বর্তমান সরকারের অনুমোদিত ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬-এ এ ধরনের বাধা না থাকায় বাংলাদেশে অবকাঠামো ও প্রযুক্তিগত বিনিয়োগের বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া সম্ভব হবে বলে তারা জানান।

মেটার পাবলিক পলিসি প্রধান রুজান সারওয়ার বলেন, বাংলাদেশে স্থানীয় অফিস ও অবকাঠামো স্থাপনের বিষয়ে কারিগরি ও আইনি দিক পর্যালোচনা করে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।