সামিট-এক্সিলারেট চালু, বেড়েছে গ্যাসের সরবরাহ

সামিট-এক্সিলারেট চালু, বেড়েছে গ্যাসের সরবরাহ

জাতীয়

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের দুই টার্মিনালের কার্যক্রম আংশিক স্বাভাবিক হওয়ায় দেশে গ্যাস সরবরাহ বেড়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোর থেকে জাতীয় গ্রিডে আগের তুলনায় বেশি গ্যাস সরবরাহ হচ্ছে।

বর্তমানে সামিট ও এক্সিলারেট এনার্জির দুই এলএনজি টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে স্বাভাবিক সময়ে দুই টার্মিনাল থেকে দৈনিক গড়ে প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে সামিট এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ কমে গিয়েছিল। পরে নতুন এলএনজি বহনকারী জাহাজ টার্মিনালে পৌঁছালে প্রয়োজনীয় কার্যক্রম শেষে শনিবার ভোর ৪টা থেকে সরবরাহ আবার বাড়তে শুরু করে।

বর্তমানে সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। পর্যায়ক্রমে এই সরবরাহ ৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হওয়ার কথা রয়েছে।

এর আগে, সামিট টার্মিনালের উদ্দেশে যাত্রা করা একটি এলএনজি বহনকারী জাহাজ বৈরী আবহাওয়া ও অতিরিক্ত বাতাসের কারণে গত ১০ আগস্ট সিঙ্গাপুর বন্দরে ফিরে যায়। এতে সামিট টার্মিনাল থেকে দৈনিক প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গিয়েছিল।

অন্যদিকে, যান্ত্রিক ত্রুটির কারণে সরবরাহ বন্ধ হয়ে যাওয়া এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনালও আংশিক মেরামতের পর চালু হয়েছে। বর্তমানে এই টার্মিনাল থেকে দৈনিক গড়ে প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ১৯ আগস্টের মধ্যে মেরামতকাজ শেষ হলে এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে দৈনিক প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

দুই টার্মিনালের মেরামত ও সরবরাহ কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে আগামী ১৯ আগস্টের মধ্যে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ আবার দৈনিক প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুটে পৌঁছাতে পারে।