জাতীয় সংসদে দলের বিপক্ষে ভোট দেওয়ার বিষয়ে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষিত তফসিল চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
গত ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে রিটটি দায়ের করেন। শুনানিতে তিনি নিজেই রিটের পক্ষে বক্তব্য দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।
রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদকে সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা এবং আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন জানানো হয়েছিল।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে।
এদিকে নির্বাচন কমিশন গত ৬ আগস্ট এই বিধান বহাল রেখেই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে।
এর আগে ২০১৮ সালেও সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। পরে হাইকোর্টের একটি একক বেঞ্চ ওই রিট খারিজ করে দেন।
