ভৌগোলিক নৈকট্য কাজে লাগিয়ে বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা, দীর্ঘমেয়াদি ভিসা সহজীকরণ এবং অবকাঠামো ও উচ্চপ্রযুক্তি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ভৌগোলিক নৈকট্য, বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগ সম্প্রসারণের বড় সুযোগ তৈরি করেছে। সাম্প্রতিক বাণিজ্যিক বিধিনিষেধ দূর করে স্বাভাবিক বাণিজ্য পরিবেশ ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ব্যবসায়ী ও পেশাজীবীদের যাতায়াত সহজ করতে দীর্ঘমেয়াদি মাল্টিপল ভিসা চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী। আগামী কয়েক মাসের মধ্যে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিকীকরণে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে সিআইআই প্রতিনিধিদল বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সেমিকন্ডাক্টর, গ্রিন হাইড্রোজেন, ব্যাটারি স্টোরেজ ও ডাটা সেন্টারের মতো ভবিষ্যৎমুখী খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেয়। এসব বিষয়ে কাজ করতে দুটি বিশেষ যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাবও দেওয়া হয়।
এ ছাড়া এফএমসিজি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বেসরকারি খাতের অংশীদারত্ব বাড়ানো এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
