কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত নিয়ে ধোঁয়াশা

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আ’গু’ন, হতাহত নিয়ে ধোঁয়াশা

আন্তর্জাতিক

কানাডার পশ্চিমাঞ্চলীয় আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। তবে হতাহতের সঠিক সংখ্যা ও আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, আলবার্টার ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট’ ঘাঁটিতে একটি গুরুতর ঘটনায় বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিনটি এক সংবাদ সম্মেলনে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। অটোয়ায় সাংবাদিকদের তিনি বলেন, ওয়েনরাইট সামরিক ঘাঁটিতে একটি ঘটনায় কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ঠিক কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী কেউই। ম্যাকগিনটি বলেন, আগামী কয়েক ঘণ্টা ও কয়েক দিনের মধ্যে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।

 চিকিৎসা নিতে আসা রোগীর চাপে হাসপাতাল

সামরিক ঘাঁটি থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এডমন্টন শহরের একটি হাসপাতালের চিকিৎসক কানাডার সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসিকে জানান, চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। এতে ওয়েনরাইট এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ব্যাপক চাপের মুখে পড়েছে।

চিকিৎসক ওয়ারেন থার্স্ক বলেন, তাঁদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি রোগী হাসপাতালে এসেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, গত ১৫ থেকে ২৫ বছরের অভিজ্ঞতায় এমন ঘটনা বিরল।

ওয়েনরাইটের স্থানীয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে থাকার কথা জানায়। তবে অগ্নিনির্বাপক কর্মীরা এখনো এলাকাটি পর্যবেক্ষণ করছেন।

ক্ষতিগ্রস্তদের প্রতি প্রধানমন্ত্রীর সমবেদনা

প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, এ ঘটনায় আলবার্টা প্রাদেশিক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে কেন্দ্রীয় সরকার। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় আক্রান্ত সবার পাশে রয়েছে সরকার।

এদিকে, আলবার্টার প্রাদেশিক নির্বাচন পরিচালনাকারী দপ্তর জানিয়েছে, ওয়েনরাইটের আগাম ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।

২০২১ সালের আদমশুমারি অনুযায়ী, কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে সামরিক ও বেসামরিক মিলিয়ে ১ হাজার ৩১০ জন কর্মী ছিলেন। সামরিক ঘাঁটির উত্তরে অবস্থিত ওয়েনরাইট শহরের জনসংখ্যা প্রায় ৬ হাজার ৬০০।

অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।