শিশুশিল্পী হিসেবে অভিনয়ে পা রেখে দর্শকের নজর কেড়েছিলেন সাবরীন সাকা মীম। পরবর্তীতে অভিনয়ের পাশাপাশি সংবাদ উপস্থাপক হিসেবেও কাজ করেন তিনি। তবে দীর্ঘদিন পর্দার আড়ালে থাকা এই অভিনেত্রী সম্প্রতি এক পডকাস্টে নিজের বিয়ে, বিচ্ছেদ ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন।
প্রায় ১৪ বছর আগে চিকিৎসক শাহরিয়ার আহমেদ সজিবের সঙ্গে বিয়ে হয় মীমের। সংসার টিকিয়ে রাখতে সাড়ে পাঁচ বছর একসঙ্গে থাকার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তারা। তবে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় আরও প্রায় আট বছর পর।
দাম্পত্য ভাঙনের জন্য কাউকে এককভাবে দায়ী করতে চান না মীম। তিনি বলেন, ‘কাউকে দোষ দেব না। হয়তো আমিও দোষী, সে-ও দোষী। এক হাতে তো তালি বাজে না।’
মীম জানান, শ্বশুরবাড়ির পছন্দকে সম্মান জানিয়ে ক্যারিয়ারের ব্যস্ত সময়ে অভিনয় থেকে সরে দাঁড়িয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সংসার টেকেনি। বিচ্ছেদের কঠিন সময়ে বাবা-মা ও বোনের কাছ থেকে পাওয়া মানসিক সমর্থনের কথাও জানান তিনি।
সম্প্রতি বিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও ও নানা মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগও করেছেন মীম। তার ভাষায়, মিডিয়ার নারীদের বিয়ে-বিচ্ছেদকে অনেকেই সহজভাবে দেখেন, অথচ এমন সিদ্ধান্তের পেছনে দীর্ঘ মানসিক প্রস্তুতি ও সংগ্রাম থাকে।
ভবিষ্যতে নতুন করে সম্পর্কে জড়ানোর বিষয়ে অনাগ্রহ প্রকাশ করে মীম বলেন, ‘আমার মনে হয় আমার দ্বারা আর হবে না।’
