রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

Uncategorized

রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় মাদক পাচার, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) অডিটোরিয়ামে আয়োজিত ‘ক্যাপস্টোন কোর্স’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।

দেশের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, রোহিঙ্গা সংকটের পাশাপাশি সীমান্ত সমস্যা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিভিন্ন ইস্যু, পার্বত্য চট্টগ্রামের সমস্যা ও বিদ্রোহ এবং জ্বালানি সংকট দেশের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, এসব সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়। এ বিষয়ে কার্যকর সমাধানের জন্য অভিজ্ঞতা, জ্ঞান ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সেনাপ্রধান জানান, ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞান বিনিময় করেছেন। এর মাধ্যমে তারা নিজ নিজ কর্মক্ষেত্রে আরও সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন সমস্যা সমাধান, নীতি প্রণয়ন ও আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

এনডিসির ক্যাপস্টোন কোর্সে অধ্যাপক, চিকিৎসক, বিচারক, আইনজীবীসহ বিভিন্ন পেশার ৩৭ জন অংশগ্রহণ করেন। বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিদের মধ্যে মতবিনিময়ের ফলে পারস্পরিক জ্ঞান ও বোঝাপড়া আরও সমৃদ্ধ হয়েছে বলে জানান সেনাপ্রধান।

তিনি বলেন, ভিন্ন দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার মানুষ একসঙ্গে কাজ করলে একটি সমন্বিত শক্তি তৈরি হয়, যা জাতীয়ভাবে এগিয়ে যেতে এবং দেশের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে পারে।