দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। এতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। সরকারি দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দল ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ। নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।
১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা।
এর আগে ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর প্রথমবার রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দিয়েছিলেন। এরপর টানা সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর দেশে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোট শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে। পরে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করবে। নির্বাচিত রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে শপথ নেবেন।
