এলসি ছাড়াই মূল্যসীমাহীন চুক্তিতে পণ্য আমদানির সুযোগ

এলসি ছাড়াই মূল্যসীমাহীন চুক্তিতে পণ্য আমদানির সুযোগ

অর্থনীতি

ঋণপত্র বা এলসির পাশাপাশি এখন থেকে কোনো মূল্যসীমা ছাড়াই ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে পণ্য আমদানি করতে পারবেন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানিকারকেরা। ব্যবসা সহজীকরণ, রপ্তানি সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে নতুন আমদানি নীতি আদেশ জারি করেছে সরকার।

সোমবার (২৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় আমদানি নীতি আদেশ ২০২৬–২০২৯-এর গেজেট প্রকাশ করে। নতুন নীতিতে এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ আরও বিস্তৃত করা হয়েছে।

আগের আমদানি নীতি আদেশ ২০২১–২০২৪ অনুযায়ী, এলসি ছাড়া ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে পণ্য আমদানির সুযোগ থাকলেও বিভিন্ন পণ্য ও খাতের ক্ষেত্রে নির্দিষ্ট মূল্যসীমা ও শর্ত ছিল। নতুন নীতিতে সেই মূল্যসীমা তুলে দেওয়া হয়েছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যে প্রচলিত পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে সেলস বা পারচেজ কনট্রাক্টের মাধ্যমে আমদানির সুযোগ পাবেন আমদানিকারকেরা।

নতুন আমদানি নীতিতে ব্যবসা সহজ করার পাশাপাশি মুক্ত বাণিজ্য অঞ্চল ও কেন্দ্রীয় বন্ডেড ওয়্যারহাউজ প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের শিল্প খাতে বিনিয়োগে আমদানি সুবিধা এবং রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানির সুযোগও সম্প্রসারণ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের গেজেট অনুযায়ী, ২০২৬–২০২৯ মেয়াদের নতুন আমদানি নীতির অন্যতম লক্ষ্য হচ্ছে আমদানি ব্যবস্থাকে আধুনিক ও আন্তর্জাতিক বাণিজ্যচর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা। পাশাপাশি ব্যবসা পরিচালনা সহজ করা, রপ্তানি বাড়ানো, বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এলসি ছাড়া মূল্যসীমাহীন চুক্তির মাধ্যমে আমদানির সুযোগ ব্যবসায়ীদের জন্য আমদানি প্রক্রিয়া আরও সহজ করবে। একই সঙ্গে নতুন নীতির বিভিন্ন সুবিধা শিল্প ও রপ্তানিমুখী খাতে বিনিয়োগ বাড়াতে ভূমিকা রাখতে পারে।