আয়ারল্যান্ডকে ১ হাজার ৭০০ কোটি ডলার কর দিল অ্যাপল

আয়ারল্যান্ডকে ১ হাজার ৭০০ কোটি ডলার কর দিল অ্যাপল

অর্থনীতি

বকেয়া কর পরিশোধসংক্রান্ত আদালতের রায়ের পর ২০২৫ সালে আয়ারল্যান্ডকে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলার কর দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। কোম্পানিটির প্রকাশিত এক আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর বিশ্বজুড়ে অ্যাপল মোট প্রায় ৪ হাজার ৩০০ কোটি ডলার কর পরিশোধ করেছে। এর প্রায় ৪০ শতাংশই গেছে আয়ারল্যান্ডের কোষাগারে।

এর আগে ২০২৪ সালে আয়ারল্যান্ডকে ১ হাজার ৩০০ কোটি ইউরো বকেয়া কর পরিশোধের নির্দেশ দেয় ইউরোপীয় ইউনিয়নের আদালত। আদালতের রায়ে বলা হয়, আয়ারল্যান্ড নিয়ম লঙ্ঘন করে অ্যাপলকে বিশেষ কর সুবিধা দিয়েছিল। দেশটিতে করপোরেট করের হার ১২ দশমিক ৫ শতাংশ।

আয়ারল্যান্ডে অ্যাপলের করসংক্রান্ত সুবিধা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আদালতের সিদ্ধান্তের পর সেই বকেয়া অর্থ পরিশোধ করতে হয় প্রতিষ্ঠানটিকে।

এদিকে, ২০২৪ সালে আয়ারল্যান্ডে আদায় করা মোট করপোরেট করের প্রায় অর্ধেকই এসেছে তিনটি বহুজাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে। দেশটির অর্থনীতিতে বহুজাতিক প্রযুক্তি ও অন্যান্য বড় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তাদের কর সুবিধা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নে বহুজাতিক কোম্পানিগুলোর রাজস্ব, মুনাফা ও কর পরিশোধের বিস্তারিত তথ্য প্রকাশ বাধ্যতামূলক করার নতুন নিয়ম চালু হয়েছে। এর ফলে ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন করস্বর্গ হিসেবে পরিচিত অঞ্চলে বড় কোম্পানিগুলো কত কর দিচ্ছে, সে তথ্য আরও স্পষ্টভাবে সামনে আসছে।