নেপালে বন্যা-ভূমিধসে ছয় শতাধিক পর্যটক নিখোঁজ

নেপালে বন্যা-ভূমিধসে ছয় শতাধিক পর্যটক নিখোঁজ

আইন-আদালত

নেপাল-চীন সীমান্তের ভোটেকোশি নদীতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর নেপালে ছয় শতাধিক পর্যটকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজ পর্যটকদের মধ্যে ১৭৮ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

নেপাল ট্যুরিজম বোর্ডের মুখপাত্র সুনিল শর্মা বিবিসিকে জানিয়েছেন, নিখোঁজদের তালিকায় ১২৭ জন নেপালি, ৫৩ জন ইউক্রেনীয়, ৫১ জন মালয়েশিয়ান, ৬৫ জন মার্কিন, ৩৫ জন অস্ট্রেলীয় এবং ৩৩ জন ব্রিটিশ পর্যটকও রয়েছেন।

দেশটির পর্যটন পুলিশের উপপরিচালক বিশ্বরাজ অধিকারী জানান, দুর্গত এলাকায় ভ্রমণ করা পর্যটকদের বিষয়ে এখনও বিভিন্ন ট্যুর অপারেটরের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ফলে নিখোঁজের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।

ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপাল-চীন সীমান্তের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল স্রোত ও ভূমিধসের কারণে যোগাযোগব্যবস্থাও ব্যাহত হয়েছে। উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের সন্ধানে কাজ করছে।

দুর্গত অঞ্চলটি তিব্বতের হিন্দু তীর্থস্থান কৈলাস-মানস সরোবর যাওয়ার অন্যতম জনপ্রিয় পথ। একই সঙ্গে ল্যাংটাং ট্রেকিং এলাকার কাছাকাছি হওয়ায় পর্যটকদের আনাগোনাও বেশি থাকে। ফলে বন্যা ও ভূমিধসের পর নিখোঁজ পর্যটকদের নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।