২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জাতীয়

বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ শ্রমিক নেওয়ার পরিকল্পনা করেছে মালয়েশিয়া। বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আগামী সেপ্টেম্বর থেকে বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

একই সঙ্গে বিনা খরচে আরও ১০ হাজার বাংলাদেশি শ্রমিক নেওয়ার কথাও জানিয়েছে মালয়েশিয়া। রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। বৈঠকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর পাশাপাশি সড়ক নির্মাণে দেশটির প্রযুক্তি ব্যবহারের বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ায় সড়ক নির্মাণে রাবার মিশ্রিত বিটুমিন ব্যবহার করা হয়। সড়কের স্থায়িত্ব বাড়াতে এই প্রযুক্তি বাংলাদেশেও ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে মালয়েশিয়া।

এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতেও বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া। দুই দেশের মধ্যে এসব বিষয়ে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

এদিকে রাজধানীর প্রধান সড়কে রিকশা চলাচল বন্ধের বিষয়েও কথা বলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে আইন করা হয়েছে এবং শিগগিরই বিধিমালা চূড়ান্ত করা হবে। রাজধানীতে চলাচলের জন্য দুই ও চার আসনের ই-রিকশা নিবন্ধনের আওতায় আনা হবে। তবে ছয় আসনের ই-রিকশা ঢাকায় চলাচলের অনুমতি পাবে না এবং এগুলো নিবন্ধনের আওতায়ও থাকবে না। এসব ই-রিকশা রাজধানীর বাইরের বিভিন্ন শহরাঞ্চলে নিবন্ধনের সুযোগ পাবে বলে জানান প্রতিমন্ত্রী।