বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন পরিহারের কথাও বলা হয়েছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশে জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি সরকারি কার্যক্রম নির্বিঘ্নভাবে চালিয়ে যেতে হবে। এ লক্ষ্যে সভা, কর্মশালা ও প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, বিভাগীয় পর্যায়ের প্রোগ্রামে জেলা পর্যায়ের অংশগ্রহণ এবং জেলা পর্যায়ের প্রোগ্রামে উপজেলা পর্যায়ের অংশগ্রহণ অনলাইনে সম্পন্ন করতে হবে। এতে অপ্রয়োজনীয় যাতায়াত কমে জ্বালানি সাশ্রয় সম্ভব হবে।
এছাড়া একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে যানবাহনের জ্বালানি ব্যবহার কমানো যায়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
