প্রথমবার এক ফ্রেমে আতিফ আসলাম ও ইয়ুমনা

প্রথমবার এক ফ্রেমে আতিফ আসলাম ও ইয়ুমনা

বিনোদন

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন স্টুডিও অ্যালবাম নিয়ে ফিরছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। তার বহুল প্রতীক্ষিত নতুন অ্যালবামের নাম ‘সুবাহ আয়ে না’। দীর্ঘ বিরতির পর প্রিয় শিল্পীর পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের খবরে উচ্ছ্বসিত তার ভক্তরা।

নতুন অ্যালবামের অন্যতম আকর্ষণ রোমান্টিক গান ‘হু ইশক মে’। গানটির মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো আতিফ আসলামের সঙ্গে জুটি বেঁধেছেন পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি। সম্প্রতি গানটির কয়েকটি নতুন ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই এই জুটির অন-স্ক্রিন রসায়ন নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

গানটির নতুন একটি পোস্টারও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন আতিফ আসলাম। পোস্টারে গায়ক ও ইয়ুমনা জায়েদিকে একটি স্পোর্টস কারের পাশে দেখা যায়। ‘হু ইশক মে’ একটি রোমান্টিক ঘরানার গান, যা এরই মধ্যে শ্রোতাদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

গানটির কথা ও সুর করেছেন রাজ রঞ্জোধ। সংগীতায়োজনের দায়িত্বে রয়েছেন শিরাজ উপ্পাল। সাইফ হাসানের পরিচালনায় নির্মিত মিউজিক ভিডিওতে আতিফ ও ইয়ুমনা ছাড়াও অভিনয় করেছেন মুস্তাফা আফ্রিদি।

আতিফ আসলামের সর্বশেষ একক অ্যালবাম ‘মেরি কাহানি’ প্রকাশিত হয়েছিল ২০০৮ সালে। এরপর দীর্ঘ সময়ে তিনি বিভিন্ন একক গান ও চলচ্চিত্রের প্লেব্যাকে নিয়মিত থাকলেও নতুন কোনো পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম প্রকাশ করেননি।

এ কারণে প্রায় ১৮ বছর পর আতিফ আসলামের নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা তার ভক্তদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করেছে। নতুন অ্যালবাম ও ‘হু ইশক মে’ গানটির মাধ্যমে আবারও সংগীতপ্রেমীদের নজর কাড়ার অপেক্ষায় রয়েছেন জনপ্রিয় এই গায়ক।