ইরানে আবারও হামলার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানে আবারও হামলার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক

ইরানে আবারও যেকোনো সময় বড় ধরনের সামরিক হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, গত রাতে ইরানের রাডার ব্যবস্থাসহ আরও অনেক স্থাপনায় ব্যাপক হামলা চালানো হয়েছে। তার দাবি, হামলাটি ছিল অত্যন্ত শক্তিশালী ও বিধ্বংসী।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে যেকোনো সময় ইরানে আবারও একই ধরনের বড় আকারের হামলা চালাতে প্রস্তুত রয়েছে।

এদিকে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সমুদ্রপথটি এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। তাই এর নাম পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা উচিত।

পরে হোয়াইট হাউসের সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও উপসাগরীয় অঞ্চলের একটি পরিবর্তিত মানচিত্র প্রকাশ করা হয়। ওই মানচিত্রে হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ নামে চিহ্নিত করা হয়।

এর আগে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর মেক্সিকো উপসাগরের নাম ‘আমেরিকা উপসাগর’ এবং কানাডার সীমান্তবর্তী লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ করার উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। এবার আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম পরিবর্তনের প্রস্তাব নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সমুদ্রপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে দীর্ঘস্থায়ী সংঘাত ও এই অঞ্চলে উত্তেজনা বাড়লে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এবং সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।