অচেনা ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করার অভ্যাস অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি করছে। আসল অ্যাপের মতো দেখতে ভুয়া টিকটক বা গুগল ক্রোমের আড়ালে ফোনে ঢুকে পড়ছে ক্ষতিকর ম্যালওয়্যার। এরপর ব্যবহারকারীর ব্যাংকিং তথ্য, ব্যক্তিগত তথ্য ও ডিজিটাল সম্পদ চুরি করতে পারে সাইবার অপরাধীরা।
প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ‘রকারোলা’ নামের একটি অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার ফোনে প্রবেশের পর ২০০টিরও বেশি ব্যাংকিং ও আর্থিক অ্যাপকে লক্ষ্যবস্তু করতে পারে। এমনকি ব্যবহারকারীর ক্রিপ্টোকারেন্সিও চুরি করার সক্ষমতা রয়েছে এই ম্যালওয়্যারের।
যেভাবে ফোনে ঢুকছে ম্যালওয়্যার সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়ামের তথ্য অনুযায়ী, সাইবার অপরাধীরা ভুয়া ওয়েবসাইট তৈরি করে সেখানে গুগল ক্রোম বা টিকটকের মতো পরিচিত অ্যাপ ডাউনলোডের প্রলোভন দেখাচ্ছে।
ব্যবহারকারী এসব ভুয়া অ্যাপ ডাউনলোড করতে গেলে গুগল প্লে প্রোটেক্টের সতর্কবার্তার মতো দেখতে একটি ভুয়া বার্তা দেখানো হয়। অনেক ব্যবহারকারী এটিকে আসল নিরাপত্তা সতর্কবার্তা মনে করে পরবর্তী ধাপে যাওয়ার অনুমতি দেন। আর এই সুযোগেই ফোনে ঢুকে পড়ে রকারোলা ম্যালওয়্যার।
ফোনে ইনস্টল হওয়ার পর ম্যালওয়্যারটি ২১৭টি ব্যাংকিং ও আর্থিক অ্যাপের নকল লগইন পেজ তৈরি করতে পারে। ফলে ব্যবহারকারী নিজের ব্যাংক অ্যাপে প্রবেশ করছেন মনে করে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড দিলে সেগুলো চলে যেতে পারে সাইবার অপরাধীদের হাতে।
শুধু ব্যাংকিং তথ্য নয়, চুরি হতে পারে আরও তথ্য রকারোলা ম্যালওয়্যার শুধু ব্যাংকিং তথ্য চুরির মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি ফোনের লকস্ক্রিনের তথ্য সংগ্রহ করতে পারে এবং কনট্যাক্ট তালিকাও হাতিয়ে নিতে পারে।
এ ছাড়া কী-বোর্ডে টাইপ করা তথ্য রেকর্ড করার মাধ্যমে ব্যবহারকারীর বিভিন্ন গোপন তথ্য সংগ্রহ করতে পারে। ব্যাংক থেকে আসা প্রতারণা বা সন্দেহজনক লেনদেনের সতর্কবার্তাও আটকে দিতে সক্ষম এই ম্যালওয়্যার।
এমনকি সন্দেহজনক লেনদেন সম্পর্কে সতর্ক করতে আসা ফোনকলও বাধাগ্রস্ত করা সম্ভব হতে পারে। ফলে ব্যবহারকারী বিষয়টি বুঝে ওঠার আগেই তার ব্যাংক হিসাব থেকে অর্থ সরিয়ে নেওয়ার সুযোগ পেতে পারে সাইবার অপরাধীরা।
নিরাপদ থাকবেন যেভাবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ, অ্যান্ড্রয়েড ফোনে নতুন অ্যাপ ইনস্টলের ক্ষেত্রে কেবল বিশ্বস্ত ও অনুমোদিত অ্যাপ স্টোর ব্যবহার করা উচিত। বিশেষ করে গুগল প্লে স্টোর বা স্যামসাং গ্যালাক্সি স্টোরের বাইরে অচেনা ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড না করাই নিরাপদ।
কোনো অ্যাপ ইনস্টলের আগে সেটির নাম, নির্মাতা ও অনুমতির তালিকা যাচাই করা জরুরি। অপরিচিত ওয়েবসাইটের পপ-আপ, ভুয়া নিরাপত্তা সতর্কবার্তা কিংবা অস্বাভাবিক ডাউনলোড নির্দেশনায় সাড়া দেওয়া থেকেও বিরত থাকতে হবে।
সাইবার অপরাধীরা প্রতিনিয়ত নতুন কৌশলে ব্যবহারকারীদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। তাই অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাব ও ডিজিটাল সম্পদকে বড় ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
