লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

জাতীয়

১১ দলীয় ঐক্যের লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়া হলে ঘোষিত ছয় দফা দাবি এক দফায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, যত বাধা-বিপত্তিই আসুক, ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে। শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এই লংমার্চ মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে এবং গণভোটের গণরায় যারা উপেক্ষা করেছে তাদের বিরুদ্ধে। একই সঙ্গে নতুন করে যারা স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করছে, তাদের সেই পথ বন্ধ করাও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, লংমার্চে বাধা দেওয়া হলে ঘোষিত ছয় দফা দাবি এক দফায় পরিণত হবে। জনগণের অধিকার ও দাবি আদায়ের প্রশ্নে কোনো ধরনের বাধা মেনে নেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন। শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে চট্টগ্রামের লালদীঘির উদ্দেশে যাত্রা শুরু করে।