সরকারের বড় সাফল্য স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়

বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের বড় সাফল্য অনেকাংশে স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী আসেন—এমন হাসপাতালগুলোতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি চিকিৎসকদের দক্ষতা বাড়াতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

কিডনি রোগীদের চিকিৎসাসেবা নিয়ে তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস যন্ত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে উপজেলা পর্যায়েই কিডনি রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, হাসপাতালটি ২০০৫ সালে উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ২১ বছর পর সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রের সেবা সম্প্রসারণ করা হয়েছে। নতুন করে ৪০টি নিবিড় পরিচর্যা শয্যা যুক্ত করা হয়েছে।