আন্তর্জাতিক যুব উৎসব-২০২৬ উপলক্ষে রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে অনুষ্ঠিত হয়েছে বিশাল ‘কালিঙ্কা’ ফ্ল্যাশ মব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা তরুণ নেতা ও অতিথিদের স্বাগত জানাতে রাশিয়ার ঐতিহ্যবাহী এই লোকসুরকে ঘিরে আয়োজন করা হয় বর্ণিল এ অনুষ্ঠান।
ব্যতিক্রমী এ আয়োজনের অন্যতম উদ্যোক্তা রাশিয়ার বৃহৎ খুচরা ও উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘সিমা-ল্যান্ড’। আন্তর্জাতিক যুব উৎসবকে সামনে রেখে প্রতিষ্ঠানটির উদ্যোগে অনলাইনেও কালিঙ্কা ফ্ল্যাশ মবের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে ইয়েকাতেরিনবুর্গে আগত অতিথি ও তরুণ প্রতিনিধিদের জন্য বিশেষ সংগীত পরিবেশনার প্রস্তুতিও চলছে।
‘কালিঙ্কা’ রাশিয়ার অন্যতম পরিচিত ও জনপ্রিয় লোকসুর। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন শিল্পীর পরিবেশনায় সুরটি পরিচিতি পেয়েছে। এবার আন্তর্জাতিক যুব উৎসবে বিশ্বজুড়ে তরুণদের প্রতি উষ্ণ অভ্যর্থনা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে এই ঐতিহ্যবাহী সুরকে বেছে নেওয়া হয়েছে।
আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর ইয়েকাতেরিনবুর্গে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক যুব উৎসব-২০২৬। এতে বিশ্বের ১৯১টি দেশ থেকে প্রায় ১০ হাজার উদীয়মান তরুণ নেতা অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আন্তর্জাতিক এই আয়োজনকে ঘিরে ইয়েকাতেরিনবুর্গে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন দেশ থেকে আসা তরুণ প্রতিনিধি ও অতিথিদের স্বাগত জানাতে শহরটিকে সাজানো হয়েছে উৎসবের আবহে।
আয়োজকদের প্রত্যাশা, ঐতিহ্যবাহী কালিঙ্কা সুরের সঙ্গে তৈরি এই ফ্ল্যাশ মব আন্তর্জাতিক যুব উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুলবে। পাশাপাশি বিভিন্ন দেশের তরুণদের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও সাংস্কৃতিক বিনিময়ের বার্তাও ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে এ আয়োজন।
